04 July 2013

এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

কুমিল্লা অফিসঃ হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লার বর্তমান বর্ষের সভাপতি এপেঃ ডাঃ নিলুফা পারভিন, এপেক্স বাংলাদেশের জাতীয় অফিসিয়াল এপেঃ এডঃ সৈয়দ নুরুর রহমান, সাবেক সভাপতি এপেঃ সাজ্জাদুল কবির, সেক্রেটারি এপেঃ মিজানুর রহমান, সিনিয়ার সহ সভাপতি এপেঃ মাহমুদুল হাসান পাশা, ট্রেজারার এপেঃ জনি পারভেজ, সেবা পরিচালক এপেঃ সাহিদুল সোহেল, শরিফ উদ্দিন, ফারিয়া তাসকিন হক, এবং স্কুলের শিক্ষক বৃন্দ। 

ষড়যন্ত্রকারীরা প্রচার করছে রেশমাকে উদ্ধার সাজানো নাটক

ঢাকা অফিস : রেশমাকে নিয়ে বৃটিশ পত্রিকা মিররে প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বলেছেন, ‘‘সেনাবাহিনী কচুপাতার পানি নয়। বিদেশী কোনো পত্রিকার কথায় অল্পতেই তা ধংস হয়ে যাবে না।’’ তিনি বলেন, ‘‘যারা রেশমা উদ্ধারকে সাজানো নাটক বলছেন তারা আসলে ষড়যন্ত্রকারী।’’

বুধবার বিকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সানডে মিররের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। মিররের সাংবাদিক ওই এলাকায় যাননি।এটা বাংলাদেশের মর্যাদা, সম্মান, আবেগ, অনুভূতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।”

তিনি উদ্ধারের দুই মাস পরে রেশমাকে নিয়ে সানডে মিররের এ ধরণের প্রতিবেদন উপহাসেরই নামান্তর বলে মন্তব্য করেন।এ সময় তিনি সাংবাদিক সায়মন রাইটস এবং তার সঙ্গে জড়িতদের শাস্তি তাদের কাছ থেকে ক্ষতিপুরণের দাবি জানান। পাশাপাশি তার সঙ্গে জড়িতদের খুঁজে র করে সরকারকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার এমন প্রস্তাব করেন।

মেজর জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বলেন, “এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সততাকে প্রশ্নবিদ্ধ করেছে মিরর।”

জিওসি বলেন, “সেনাবাহিনীর সঙ্গে ফাউল খেলবেন না। অনেক সময় ফাউল খেললে সে আঘাত নিজেদের ওপরেই আসে। আসুন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম রক্ষা করি এবং বিদেশী যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”

তিনি বলেন, ‘‘প্রতিবেদনে যাদের কথা বলা হয়েছে এ রকম কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেননি প্রতিবেদক সাইমন রাইটস। বরং তাদের কথা বলানোর জন্য টাকার প্রলোভন দেয়া হয়েছিল।’’ 

তিনি বলেন, “২৩ জুন দৈনিক আমার দেশ তাদের অনলাইন সংস্করণে ‘রানা প্লাজা ট্রাজেডি: রেশমা উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর গত ১ জুলাই বৃটেনের ট্যাবলয়েড পত্রিকা সানডে মিরর রেশমা উদ্ধারের ঘটনা ‘সাজানো’ বলে প্রতিবেদন প্রকাশ করে।” মিররের বরাত দিয়ে বাংলাদেশর আটটি দৈনিকে ওই প্রতিবেদন প্রকাশিত হয় বলে সরওয়ার্দী জানান।

তিনি বলেন, ‘‘এ ধরণের অপচেষ্টার মাধ্যমে সেনাবাহিনীকে কন্ট্রোভার্শিয়াল করার চেষ্টা চলছে। রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে গল্প তৈরি এবং বিভিন্ন ব্লগে মন্তব্য করা হচ্ছে। যার অর্থ হচ্ছে সেনাবাহিনীর চেইন অব কমান্ড ও ঐতিহ্য নষ্ট করা।’’ 

জিওসি আরো বলেন, ‘‘এ প্রতিবেদন প্রতিরক্ষা বাহিনীর সততাকে প্রশ্নবৃদ্ধ করেছে। পাশাপাশি গার্মেন্ট শিল্পে আঘাত করার অপচেষ্টা চালানো হচ্ছে।’’

রেশমাকে আইএসপির নিয়ন্ত্রণ করে না উল্লেখ করে তিনি বলেন, ‘‘সে আমাদের নিয়ন্ত্রণে নেই। সে এখন একটি প্রতিষ্ঠানে চাকরি করে। আপনারা চাইলে তার সাথে দেখা করে কথা বলতে পারেন।’’
তিনি বলেন, ‘‘এনাম, লিপি আক্তার ও রোজী আক্তারের বরাত দিয়ে ওই দৈনিকে প্রতিবেদন করা হলেও এই তিনজন ওই প্রতিবেদকের সাথে কথা বলেননি।’’

জিওসি বলেন, ‘‘ওই সাংবাদিক ক্রিমিনাল অফেন্স করে গ্রেফতার হয়েছিলেন। আমি তার বিরুদ্ধে বেশি কিছু বলতে চাই না। তবে যে সেনাবাহিনীর ওপর ১৬ কোটি মানুষের আস্থা আছে, তারাই ওই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছে।’’

গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৩১ জন নিহত হন। ভবন ধসের ১৭ দিন পর গত ১০ মে ধ্বংসস্তুপের মধ্য থেকে রেশমাকে জীবিত উদ্ধার করা হয়, যা সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করে।

সরকার প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে কাজ করছে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিশন ২০২১ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন নিয়েও কাজ করছে সরকার। যাতে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি রক্ষায় এই বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে। বুধবার দুপুরে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে এই রেজিমেন্টের সদস্যদের দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা আর শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
রেজিমেন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারে যোগ দিতে পিজিআর সদর দফতরে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম তা ধরে রাখার আহবান জানিয়ে রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, দায়িত্ব পালনে আপনাদের নিষ্ঠা, একাগ্রতার কোনো বিকল্প নেই। পিজিআর সদস্যদের দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা আর শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সেনাবাহিনীর সুনাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। একইসঙ্গে এই সুনাম ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।পিজিআর সদর দফতর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

প্রধানমন্ত্রী বলেন, রেজিমেন্টের জনবল বাড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া সেনা বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনা বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা দেশের মানুষকে সম্মানিত করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেতে ১৯৭৫ সালে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর।

Search